কামরুল ইসলাম দুলু: চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কের সুপ্তধারা ঝরনায় বেড়াতে গিয়ে আটকে পড়া চার শিক্ষার্থীকে উদ্ধার করেছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস টিম। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে সীতাকুন্ড ফায়ার সার্ভিস টিম অভিযান চালিয়ে পাহাড়ের গভীর অরণ্য থেকে তাদের নিরাপদ স্থানে নিয়ে যায়।
তাঁরা হলেন কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা গ্রামের মো. আকিল (২৩), একই উপজেলার সঞ্জীবনপাড়ার আরাফাতুল ইসলাম (২৩), চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি এলাকার মো. আবরার ফাহিম (২২) এবং লোহাগাড়া উপজেলার পূর্ব কলাবাজার এলাকার আরাফাতুল ইসলাম (২৩)।
শনিবার সন্ধায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন শোলকবহর থেকে ৪ বন্ধু সীতাকুন্ড ইকোপার্কের ঝর্নায় ঘুরতে যান। সুপ্তধারা ঝরনা থেকে ফেরার পথে অতিবৃষ্টিতে পাহাড়ি ঝিরিপথ প্লাবিত হয়ে গেলে পথ হারিয়ে তারা আটকা পড়েন। তারা বিষয়টি জরুরি সেবা ৯৯৯ নাম্বারে জানালে তাৎক্ষণিকভাবে সীতাকুন্ড ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। এরপর ফায়ার সার্ভিসের ডিস্পাচার ফায়ার ফাইটার মো. আলতাফ হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল প্রবল বৃষ্টির মধ্যে প্রায় ৩ কিলোমিটার পাহাড়ি ঝিরিপথ হেঁটে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর রাত ৮টা ১০ মিনিটে সুপ্তধারা ঝরনায় আটকে থাকা চার শিক্ষার্থীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। তারা সবাই চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুন্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ বেলাল।

















