হাটহাজারীস্থ ত্রিবেণী কমিউনিটি সেন্টারে ত্রুটিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনা: জরিমানা ৪০ হাজার

145

রনজিত কুমার শীল: চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সংলগ্ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পার্শ্বস্থ ত্রিবেণী কমিউনিটি সেন্টারে ত্রুটিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনার অভিযোগের ভিত্তিতে আজ ২০ জুলাই সোমবার উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে।

Advertisement

অভিযানে দূর্গন্ধযুক্ত ময়লা পানি ড্রেনে ফেলে পরিবেশ দূষণ, শিক্ষার্থী ও পথচারীদের দুর্ভোগের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

আমাদের হাটহাজারী প্রতিনিধি মোঃ নাজিম উদ্দীন জানান, ত্রিবেণী কমিউনিটি সেন্টারের বর্জ্য থেকে নির্গত দুর্গন্ধে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। এছাড়া দুর্গন্ধে স্থানীয় বাসিন্দা, পথচারী ও নিকটবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করছে। এ প্রতিষ্ঠানের বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট থাকলেও তা পরিকল্পিত ও কার্যকরভাবে পরিচালিত হচ্ছেনা। এমনকি বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়াজাত বা অপসারণ না করায় আশপাশে তীব্র দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নিয়মিত তদারকি, প্রয়োজনীয় পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করার ক্ষেত্রে দৃশ্যমান ঘাটতি পরিলক্ষিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় উক্ত প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। একইসাথে আগামী ৭ কার্যদিবসের মধ্যে উক্ত বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট যথাযথভাবে সংস্কার করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।

পরিচ্ছন্ন সুন্দর পরিবেশ গড়তে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

Advertisement