সীতাকুণ্ডে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তোফাজ্জল আহমেদ স্মৃতি ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ

44

সীতাকুণ্ড প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে।

Advertisement

ব্রিটিশ আমেরিকান টোবাকো’র সহযোগিতায় এবং সীতাকুণ্ডের তোফাজ্জল আহমেদ স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগ উপজেলার স্কুল, মাদ্রাসা এবং কলেজেসহ ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফুল, ফলজ, বনজ এবং ঔষধি গাছের ৭ হাজার চারা বিতরণ করা হয়।

বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন এবং শিক্ষার্থীদের মাঝে উক্ত গাছের চারা বিতরণ করা হয়।

তোফাজ্জল আহমেদ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতেখার আহমদ জুয়েল বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে ব্রিটিশ আমেরিকান টোবাকোর সহযোগিতায় আমাদের সংগঠনের তত্ত্বাবধানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি এবং পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

গাছের চারা বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শীতলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মোহাম্মদ আলী, সবুজ শিক্ষায়তন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আলমগীর, সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আলী নেওয়াজ, কুমিরা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিনসহ উপস্থিত ছিলেন সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সাংবাদিক নাঈম আহমেদ কফিল, তোফাজ্জল আহমেদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য রন, আরিফ, সানি প্রমূখ।

Advertisement