সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় জান্নাতুল মাওয়া সিফা (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
২৬ জুলাই (রোববার) বেলা ২ টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষার্থী সিফা ছোট কুমিরাস্থ কাজীপাড়া ৫ নং ওয়ার্ডের মোহাম্মদ শহীদুল্লাহর কন্যা এবং মছজিদ্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটি শেষে বাড়ি যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়ালে সীতাকুন্ড-অলংকার রোডে চলাচলকারী ৮নং একটি মিনিবাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। এই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনা এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন। তিনি জানান, মিনি বাসটি আটক করা হয়েছে। এবং এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

















