সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোঃ রাফসান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের ইমপেরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, রাফসান ৫ দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সোমবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। রাফসান উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মির্জানগর গ্রামের নুরুল ইসলামের বড় ছেলে। তার মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে।
এদিকে, সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ডেঙ্গু প্রতিরোধে দ্রুত মশক নিধন অভিযান জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

















