কামরুল ইসলাম দুলু: চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিশুর নাম সিরাজুল মনিরা (৫)। সে সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার নুরুন্নবীর মেয়ে।
এ নিয়ে গত এক সপ্তাহে সীতাকুণ্ড উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই শিশুসহ এক যুবকের মৃত্যু হলো।
গত ৮ সেপ্টেম্বর দুপুর ১২ টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোজাহিদুল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়। সে সীতাকুণ্ড উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ফুলতলা গ্রামের মোঃ জাবেদের ছেলে।
১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইমপেরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মোঃ রাফসান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানাযায়, রাফসান ৫ দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সোমবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। রাফসান উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মির্জানগর গ্রামের নুরুল ইসলামের বড় ছেলে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তনয় মজুমদার বলেন, চলতি মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬৩ জন রোগী ভর্তি হয়। তারমধ্য অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। কিছু রোগীকে অন্য হাসপাতালে রেপার করা হয়েছে। বর্তমানে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন রোগী চিকিৎসাধীন আছে।

















