সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাকে হারিয়ে হাসপাতালে ১০ মাসের শিশু, স্বজনদের খোঁজ মেলেনি

30

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাকে হারিয়ে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যাওয়া ১০ মাস বয়সী এক শিশু বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা শিশুটিকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তবে শিশুটির স্বজনদের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

Advertisement

নিহত মায়ের নাম ফাতেমা আক্তার। পুলিশের শনাক্ত করা পরিচয় অনুযায়ী, তাঁর বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের শিবাশ্রম গ্রামে।

জানা যায়, গত ২৬ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চট্টগ্রাম থেকে নেত্রকোনাগামী শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সীতাকুণ্ডের কুমিরা এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে বাসটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে মেরামতের কাজ শুরু করা হয়। এ সময় কয়েকজন যাত্রী বাস থেকে নেমে সড়কের পাশে অপেক্ষা করছিলেন। হঠাৎ একটি দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমাণ যাত্রীদের চাপা দেয়। এতে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।

মর্মান্তিক এই দুর্ঘটনায় ফাতেমা আক্তার প্রাণ হারালেও তাঁর শিশু সন্তানটি বেঁচে যায় বলে পাওয়া তথ্যে জানা গেছে। পরে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে শিশুটির চিকিৎসা চলছে। স্বজনদের অনুপস্থিতিতে হাসপাতালের নার্স ও সেবাকর্মীরা শিশুটির দেখাশোনা করছেন বলে জানা গেছে।

মাকে হারানো অবুঝ শিশুটির স্বজনদের সন্ধান পাওয়া এখন অত্যন্ত জরুরি। নেত্রকোনা জেলার মদন উপজেলার শিবাশ্রম গ্রামের বাসিন্দা কিংবা ফাতেমা আক্তারের আত্মীয়স্বজনের পরিচিত কেউ সংবাদটি দেখে থাকলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বা হাসপাতাল পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

শিশুটির পরিচয় নিশ্চিত করা এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপনে সবার সহযোগিতা কাম্য। সংবাদটি শেয়ার করে শিশুটির স্বজনদের কাছে পৌঁছে দিতে সহায়তা করুন।

Advertisement