চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকারের দাবিতে কেইপিজেডের ফটকে যুবকদের অবস্থান, বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহার

24

চট্টলা নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বেকার যুবক-যুবতীদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) প্রধান ফটকের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

Advertisement

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় এ কর্মসূচি শুরু হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, আনোয়ারা ও কর্ণফুলীতে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলেও স্থানীয় শিক্ষিত ও দক্ষ বেকার যুবকরা নিয়োগের ক্ষেত্রে যথাযথ অগ্রাধিকার পাচ্ছেন না। বরং দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। বিশেষ করে রাঙামাটি থেকে নারী শ্রমিক নিয়োগের প্রচার চালানোর বিষয়টি স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।

বিক্ষোভকারীদের দাবি, স্থানীয় মানুষের জমি ও সহযোগিতায় গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানগুলোতে এলাকার যোগ্য বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিয়োগ-বাণিজ্য বন্ধ ও স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করার দাবিও জানান তাঁরা।

সকাল ৯টার দিকে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধিদল কেইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে স্থানীয় যোগ্য প্রার্থীদের প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ তৈরি এবং অভিজ্ঞতার অভাবে চাকরি না পাওয়া প্রার্থীদের দক্ষতা উন্নয়নের বিষয়ে আশ্বাস দেওয়া হয়। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম জানান, উপজেলা প্রশাসন ও কেইপিজেড কর্তৃপক্ষ যৌথভাবে স্থানীয় বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের উদ্যোগ নেবে। যাঁদের কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে, তাঁদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার পর নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আনোয়ারার চাকরিপ্রত্যাশীদের জন্যও একই ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

অন্যদিকে, কেইপিজেডের উপমহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমানের ভাষ্য, কেইপিজেডে কর্মরত প্রায় ৪০ হাজার শ্রমিকের ৯০ শতাংশই স্থানীয়। কর্ণফুলী সুইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নারী শ্রমিক নিয়োগের প্রচারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। আলোচনার মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।

Advertisement