পুকুরঘাটে দুই মহিলার তর্ক, সীতাকুণ্ডে প্রাণ গেল যুবকের

624

সীতাকুণ্ডে দু’পক্ষের ঝগড়া থামাতে গিয়ে বাবলু হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত বাবলু সীতাকুণ্ড পৌরসভার মধ্যম মহাদেবপুর শেখনগর গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে।

Advertisement

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার (২৭ এপ্রিল) ছুরিকাঘাতে গুরুতর আহত হলে বাবলুকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, গত মঙ্গলবার পৌরসভার মধ্যম মহাদেবপুর শেখনগর গ্রামের সাইফুলের সঙ্গে মিয়ান ওরফে শাহীনের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার সূত্রপাত হয়। পরেরদিন আবার শাহীনের লোকজন সাইফুলকে টানা-হেঁচড়া শুরু করলে বাবলু নামের আরেকজন ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় বাবলু তাদের প্রতিহত করার চেষ্টা করলে হামলাকারী দলের সদস্য আরমান (৩০) বাবলুর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এতে গুরুতর আহত বাবলুকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, তুচ্ছ বিষয় নিয়ে পুকুরঘাটে দুই মহিলার মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় এক মহিলা তার স্বামীকে, অপরজন নিজের ছেলেকে বিষয়টি জানালে তারা এ নিয়ে মারামারিতে লিপ্ত হন। এ সময় এক পক্ষের ছুরিকাঘাতে আহত হন বাবুল। এ নিয়ে ২৭ এপ্রিল বাবলুর বাবা বাদী হয়ে ৪ জনের নামে একটি মামলা দায়ের করেন। নিহতের লাশ ময়নাতদন্তের পর হত্যা মামলা দায়ের করা হবে।

Advertisement