সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে পুলিশের অভিযানে দুই রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগানসহ ইকবাল হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত ১০টার সময় উপজেলার বড় কুমিরাস্থ মাজার গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের সূত্র ধরে সীতাকুণ্ড মডেল থানার এসআই মোহাম্মদ সোহেল আহমেদ, এএসআই মোঃ জমির উদ্দিন এবং কামাল কাজীর নেতৃত্ব পুলিশের একটি টিম অস্ত্রধারী সন্ত্রাসী ইকবাল হোসেন কুমিরা এলাকায় অবস্থান করছে জানতে পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার শরীর তল্লাশী করে দুই রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান উদ্ধার করে। গ্রেফতারকৃত ইকবাল উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকার মনির আহমেদের ছেলে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, গ্রেফতারকৃত আসামী ইকবালকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
















