সীতাকুণ্ডে স্টার লাইন বাসের ধাক্কায় ত্রিপুরা সর্দার নিহত

169

কামরুল ইসলাম দুলু: সীতাকুণ্ডে বাসের ধাক্কায় শংকর ত্রিপুরা (৬৫) নামে এক ত্রিপুরা সর্দার নিহত হয়েছে। বুধবার (৯ জানুয়ারী) বিকাল পৌনে চারটার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুলতানা মন্দির এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত শংকর ত্রিপুরা ওই এলাকার পাহাড়ি ত্রিপুরা পাড়ার মৃত মনকরাই ত্রিপুরার পুত্র।

জানা যায়, নিহত শংকর ত্রিপুরা প্রতিদিনের মতো সুলতানা মন্দির এলাকায় একটি মন্দিরে গীতা পাঠ করতে যাওয়ার সময় জিপিএইচ ইস্পাত কারখানার সামনে ঢাকামূখী একটি স্টার লাইন বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। এসময় স্থানীয় ইউপি সদস্য মোঃ সালাউদ্দিন তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ত্রিপুরা সর্দার শংকর মারা যাওয়ার খবরে পাহাড় থেকে শতাধিক ত্রিপুরা অধিবাসী মহাসড়কে এসে স্টার লাইনের সব বাস আটক করে প্রতিবাদ জানান।

খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ ঘটনাস্থলে হাজির হয়ে গাড়ির মালিক পক্ষের সাথে সমোঝোতার আশ্বাস দিলে ত্রিপুরা জনগোষ্ঠীর সড়ক থেকে সরে পড়েন।

ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, স্টার লাইনের একটি বাসের ধাক্কায় এক ত্রিপুরা ব্যক্তি নিহত হয়। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement