বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলার উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে গতকাল ৬ মার্চ বুধবার একাডেমি মিলনায়তনে ছড়া পাঠ, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আগ্রাবাদ জাতিতাত্তিক যাদুঘরের উপ-পরিচালক কাম কীপার ড. মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল।
সভায় ঐতিহাসিক ৭ মার্চ দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত ছড়া পাঠ, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
















