‘অপারেশন সিঁদুর’, অভিযান নিয়ে যা জানাল ভারত

272

পাকিস্তানে চালানো সামরিক অভিযানকে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিহিত করেছে ভারত। দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে অন্তত ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে।

Advertisement

ভারত সরকারের দাবি, এসব ঘাঁটি থেকে ভারতের অভ্যন্তরে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হচ্ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ভারতের পদক্ষেপ ছিল লক্ষ্যভিত্তিক, পরিমিত এবং উত্তেজনা উসকে দেওয়ার উদ্দেশ্যে নয়। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি। ’ ‘লক্ষ্য নির্ধারণ এবং অভিযান পরিচালনায় ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে’—বলা হয়েছে বিবৃতিতে।

ভারত জানায়, গত মাসে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর চালানো প্রাণঘাতী হামলার জবাবে এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

সেই হামলায় নিহত হন বেশ কয়েকজন বেসামরিক পর্যটক। ভারত এর জন্য পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোকেই দায়ী করছে।

ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘অপারেশন সিঁদুর’ একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ, যার লক্ষ্য কেবল সন্ত্রাসবাদবিরোধী অবকাঠামো ধ্বংস করা।

এদিকে, ভারতের এই অভিযানের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

এক মুখপাত্র বলেন, “এই হামলার জবাব পাকিস্তান উপযুক্ত সময় ও স্থানে দেবে। ”

Advertisement