জঙ্গল সলিমপুরে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক ৪

155

কামরুল ইসলাম দুলু: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূলের ৬নং সমাজ এলাকার পাহাড়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে। এসময় চারজনকে আটক করা হয়।

Advertisement

শনিবার (৩০ আগস্ট) সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে। আটককৃতরা হচ্ছে- নোয়াখালী জেলার হাতিয়া থানার জয়নাল আবেদীনের ছেলে মোঃ আমিনুল ইসলাম, কক্সবাজার জেলার মহেশখালী থানার নুরুল আলমের ছেলে মোঃ রুমন, জঙ্গল সলিমপুরের মোরশেদের ছেলে মোঃ আশিক এবং একই জায়গার ফয়েজ আহমেদের ছেলে কামরুল হাসান।

অভিযানে দেশীয় তৈরি ৬টি অস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্তুজ, ৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, ২০টি ছুরি, ওয়াকিটকি চার্জার ২টি, একটি মেগাফোন, ৪টি প্যারাসুট ফ্লেয়ারসহ অস্ত্র তৈরির নানা সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানায়, আটক চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া শেষে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।

ওসি মজিবুর রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের পাহাড়ে গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে একটি অস্ত্র তৈরীর কারখানার সন্ধ্যান পাওয়া যায়। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ৪জন কে আটক করা হয়। অভিযানের খবর পেয়ে বেশ কয়েকজন পালিয়ে যায়। আটককৃতদের মধ্যে একজনের নামে ৬/৭ টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement