চবি প্রধান ফটক জামে মসজিদের গভীর নলকূপ স্থাপনের কার্যক্রম উদ্বোধন

88

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রধান ফটক জামে মসজিদের নির্মাণ কাজের অংশ হিসেবে গভীর নলকূপ স্থাপনের কার্যক্রম আজ সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১০টায় উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

Advertisement

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম নান্দনিক একটি বিশ্ববিদ্যালয়। নান্দনিক বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে একটি নান্দনিক মসজিদের প্রয়োজন রয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও পর্যটকসহ আশপাশের জনসাধারণ ইবাদত বন্দেগি করতে সহজ হবে। এ মসজিদ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন কার্যক্রম চলছে, কিন্তু সফল হয়নি। আমরা এসে পুনরায় এটা নিয়ে কাজ শুরু করেছি এবং আমাদের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এটি দেখভাল করছেন। উপাচার্য বলেন, সকলের মধ্যে ধর্মীয় কাজে যত সংশ্লিষ্টতা বাড়বে তত নেতিবাচক কাজ কমে আসবে। এসময় উপাচার্য মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

চবি প্রধান ফটক জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, ক্যাম্পাসের প্রবেশ পথে এ মসজিদ বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি করবে। পাশাপাশি নামাজ আদায় ও বিশ্রাম করতে সুবিধা হবে। শহর থেকে শিক্ষার্থীরা ট্রেনে এসে এখানে নামে এরপর শহরের যাওয়ার জন্যও এখানে একত্রিত হয়। এ স্থানে সুন্দর একটি মসজিদ খুবই প্রয়োজন ছিল। অবশেষে এটি আলোর মুখ দেখতে যাচ্ছে। এ মসজিদের কাজে যারা সহযোগিতা করছেন সকলে দুনিয়া-আখেরাতে সওয়াব পাবেন। আশা করি, দ্রুত গতিতে মসজিদটি নির্মাণ কাজ সম্পন্ন হবে।

সভাপতির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, আজকের এ পর্যায়ে আসতে আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। এক্ষেত্রে আমাদের উপাচার্য ও উপ-উপাচার্য (একাডেমিক) স্যার অনেক সহযোগিতা করেছেন। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা কাজ শুরু করেছি, আশা করি দ্রুত গতিতে কাজ চলবে। এসময় তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মসজিদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা। এ জায়গায় বড় একটি মসজিদ দরকার ছিল। অবশেষে এটি হতে যাচ্ছে। এমন উদ্যােগের জন্য আমি প্রশাসনকে সাধুবাদ জানাই।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চবি ছাত্র-ছাত্রী নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ইঞ্জিনিয়ারিং দপ্তরের প্রশাসক প্রফেসর প্রকৌশলী নিহাদ করিম চৌধুরী, এস্টেট শাখার প্রশাসক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, প্রধান প্রকৌশলী আবদুল আহাদ, ভারপ্রাপ্ত হিসাব নিয়ামক মো. আমিরুল ইসলাম এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উদ্বোধন শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন চবি শাহজালাল হলের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ নুরুল আজম।

Advertisement