মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ, নিয়মিত অভিযানে সীতাকুণ্ডে সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা

476

কামরুল ইসলাম দুলু: সরকারি নির্দেশনায় ৪থেকে ২৫ অক্টোবর ২২দিন জাটকা আহরণ, বিপণন, পরিবহন ও মজুত নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এ নিষেধাজ্ঞার মধ্যেও চট্টগ্রামের সীতাকুণ্ডে চলছে মাছ ধরার মহোৎসব। শত শত জেলে দিন রাত অবাধে ডিমওয়ালা মা ইলিশ শিকার করছেন।

Advertisement

উপজেলা মৎস্য অধিদপ্তরের নিয়মিত অভিযানে টনে টনে মাছ জব্দ করা হয়েছে। প্রায় প্রতিদিনই সাগরে অভিযান পরিচালনা করেছে। ২২ দিন সাগরে না যেতে জেলেদের নিয়ে সভা, সেমিনার এবং সচেতনতা কোন কাজেই আসেনি।

সীতাকুণ্ড উপজেলা মৎস্য অধিদপ্তরের তথ্যনুযায়ী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ৪টি মোবাইল কোর্টের মাধ্যমে সাগরে ৪০ টি অভিযান পরিচালনা করা হয়। এতে ৭.৫ মেট্রিক টন জাটকা ইলিশ জব্দ, ৪৪ হাজার মিটার দৈর্ঘ্য জাল, ৫ হাজার মিটার ১৫ টি চিংড়ি পোনা জাল, ৩৩ হাজার মিটার ১৬ টি ইলিশ মাছ ধরা জাল জব্দ, ১৫ টি বোট মালিককে ২লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। ২০ জন আটক জেলের মধ্যে ১৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৪৯ হাজার টাকা জরিমানা এবং ৬ জনের নামে নৌ পুলিশ তিনটি মামলা দায়ের করেন। ২২ দিন নিষেধাজ্ঞার অভিযানে মোট তিন লক্ষ ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মোতাছিম বিল্লাহ্ বলেন, ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করেছি। মামলা, জেল, জরিমানা আদায় করেছি। আমাদেরকে সার্বক্ষনিক সহযোগিতা দিয়েছে বাংলাদেশ কোষ্টগার্ড এবং কুমিরা নৌ-পুলিশ। জনবল সংকট, পর্যাপ্ত যানবাহন না থাকা এবং বাজেটের অভাবের কারণে আমাদের পুরো উপজেলার কার্যক্রম মনিটর করা কঠিন হয়ে পড়ছে।

Advertisement