সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে “জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর (সোমবার) সকাল ৯টায় উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সোনালী ব্যাংক পিএলসি সীতাকুণ্ড শাখার আয়োজনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সকলের সচেতনতার জন্য ডিসপ্লের মাধ্যমে জালনোট কীভাবে চিহ্নিত করা যায় তা ডিসপ্লের মাধ্যমে প্রদর্শন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।
সোনালী ব্যাংক চট্টগ্রাম সাউথের ডেপুটি জেনারেল ম্যানাজার মোহাম্মদ আসাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম এর অতিরিক্ত পরিচালক (কারেন্সি) মোরশেদ আলম।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কর্তৃক সীতাকুণ্ড উপজেলাকে জালনোট প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে। জালনোট প্রচলন প্রতিরোধকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণার অংশ হিসেবে এ কর্মশালা। তিনি বলেন, সরকার জালনোটের প্রতারণার হাত থেকে জনগণকে রক্ষায় বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি জনগণকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সচেতন করার লক্ষে বিভিন্ন স্থানে কর্মশালা করছে। এর মাধ্যমে জনগণ সচেতন হবে এবং প্রতারক থেকে রক্ষা পাবে।
অনুষ্ঠানে রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম এর যুগ্ম পরিচালক (ক্যাশ) মোঃ আবদুল কাদের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা বাবলু দাশ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তোজাম্মেল হক, সীতাকুণ্ড পৌরসদর দোকান মালিক সমিতির সভাপতি মোঃ নাছির উদ্দীন ভুঁইয়াসহ উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।

















