সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা; নিহত ৫, আহত ২০

271

সীতাকুণ্ড প্রতিনিধি:চট্টগ্রামের সীতাকুণ্ডের মীরেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

Advertisement

রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরেরহাটের বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর (তদন্ত) মো. আলমগীর।

তিনি বলেন, ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

‎প্রত্যক্ষদর্শী মুমিন জানায়, চট্টগ্রামমুখী একটি বাস একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অনেক হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অনেকজন মারা গেছেন কিন্তু সুনির্দিষ্ট বলতে পারছি না। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম।

‎সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৫টি লাশ উদ্ধার করেছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি।

‎সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মোহাম্মদ ইমরান বলেন, এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।

Advertisement