সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে এবার অস্ত্রের মুখে মালিককে বেঁধে একটি গরুর খামার থেকে ১২টি গরু লুট করেছে ডাকাতদল।
মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে নজরুল ও ইসমাইল হোসেনের মালিকানাধীন এনআই এগ্রো ফার্মে এ ঘটনা ঘটেছে। ১০ দিনের মাথায় এ উপজেলায় এ নিয়ে দুই দফা গরু লুটের ঘটনা ঘটলো। লুট হওয়া ১২ গাভি গরুর আনুমানিক ১৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মালিকরা।
ঘটনাস্থলে সকালে গিয়ে জানা যায়, একটি সংঘবদ্ধ ডাকাত দল খামারে ঢুকে মালিক ইসমাইল হোসেন এবং পাশের এক দোকানদার মোঃ আমিনকে অস্ত্র দেখিয়ে বেঁধে রেখে ১৫/২০ মিনিটের মধ্যে ১২টি গরু ট্রাকভর্তি করে লুট করে নিয়ে যায়।
ফার্মের মালিক ইসমাইল হোসেন জানান, রাত আনুমানিক আড়াইটা হবে ১৫/২০ জনের একটি দল মুখ বাঁধা অবস্থায় ফার্মে ঢুকে আমার হাত পা বেঁধে ফেলে। মাঠিতে ফেলে দিয়ে আমার শরীরের উপর দুইজন পা দিয়ে চেপে ধরে। তাদের হাতে ছিল লম্বা ছুরি। এরপর মোবাইল কেড়ে নেয়। এরপর ফার্মরে বাহিরে মহাসড়কের কাছেই দাঁড়িয়ে থাকা ট্রাকে একে একে ১৩টি গরু তোলে। সেখান থেকে সম্ভবত একটি গরু ছুটে চলে যায়। ডাকাতদল চলে যাওয়ার পর আমার আত্মচিৎকারে লোকজন এগিয়ে আসে। এসময় একটি গরু গ্রামের ভিতরে পাওয়া যায়।
ফার্মের পাশে থাকা একটি দোকানের মালিক মোঃ আমিন বলেন, ট্রাকে এতরাতে গরু তোলার শব্দ শুনে আমি দোকান থেকে বের হওয়ার সাথে সাথেই মুখ বাঁধা ৩/৪ জন ডাকাত আমার হাত পা, মুখ বেঁধে ফেলে একটি গাছের সাথে বেঁধে রাখে। সবার মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। তারা সবাই ইশারায় একে অপরের সাথে কথা বলছে।
এঘটনায় ফার্মের মালিক ইসমাইল হোসেন দুপুরে সীতাকুণ্ড মডেল থানার মামলা দায়ের করেন। এর আগে গত ১৯ ডিসেম্বর সিরাজগঞ্জ থেকে চট্টগ্রামে আসার পথে সীতাকুণ্ডে ডাকাতদল অস্ত্রের মুখে ট্রাক চালককে জিন্মি করে ২৮ টি গরু লুট করে নিয়ে যায়। পরে অবশ্য পুলিশ অভিযান চালিয়ে তা উদ্ধার করে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর বলেন, বাঁশবাড়িয়া এলাকায় গভীর রাতে একটি ফার্ম থেকে ১২টি গরু ডাকাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ যায়। মামলা দায়ের হয়েছে। গরু উদ্ধার ও আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

















