সীতাকুণ্ড প্রতিনিধিসী: সীতাকুণ্ড প্রেস ক্লাবের আয়োজনে বাংলাদেশ সরকারের তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় প্রেস ক্লাবের অডিটোরিয়াম উক্ত শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাইয়ূম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি আহবায়ক ছালে আহমেদ ছলু, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা তৌহিদুর হক চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল ফারুক, সিনিয়র সদস্য দিদার হোসেন টুটুল, কামরুল ইসলাম দুলুসহ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি সবসময় ছিলেন আপসহীন। বাংলাদেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান এবং সংগ্রাম দেশ ও জাতির কাছে আজীবন চিরস্মরণীয় হয়ে থাকবে।

















