সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ডাকাতি না দুর্ঘটনা, দুইজনের মরদেহ উদ্ধার

471

কামরুল ইসলাম দুলু: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর এলাকায় একটি পুরাতন জাহাজ ভাঙা কারখানায় গভীর রাতে ডাকাতের হামলায় দুইজন নিহতের অভিযোগ করেছে ইয়ার্ড কর্তৃপক্ষ।

Advertisement

সোমবার সকালে কুমিরাস্থ কে আর শিপ ইয়ার্ড থেকে ফায়ার সার্ভিসের একটি দল দুইজনের মরদেহ উদ্ধার করে। তারমধ্যে একজনের দেহ খণ্ড বিখণ্ড অবস্থায় পাওয়া যায়। নিহত দুই ব্যক্তির নাম মোঃ খালেক প্রমানিক রতন (৩৪) ও সাইফুল ইসলাম (৩৭)। তাদের দুজনের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর সদর থানার আব্দুল্লাহপুর এলাকায়। দুইজনই কে আর শিপ ইয়ার্ডের কর্মরত শ্রমিক।

কে. আর শিপ ইয়ার্ডের ম্যানেজার আবু সাজ্জাদ মুন্না বলেন, রোববার দুপুরে একটি স্ক্র্যাপ জাহাজ আনা হয়েছিল কাটিংয়ের জন্য। রাতে একটি ডাকাত দল ওই জাহাজে হামলা করে। এসময় সাগরে দায়িত্বরত দুই গার্ড প্রতিরোধে এগিয়ে আসলে ডাকাতরা হামলা করে তাদের ওপর। এসময় দুইজন নিহত হন।

চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ডাকাতির ঘটনায় দায়িত্বরত দুই গার্ড নিহত হয়েছেন। তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে। এদিকে মালিক পক্ষের দাবী ডাকাতির ঘটনা হলেও স্থানীয়রা জানিয়েছেন এটি একটি দুর্ঘটনা। এ ইয়ার্ডে রোববার একটি নতুন জাহাজ বিচিং হয়। জাহাজ টানার জন্যে ওয়্যার লাগানোর সময় হঠাৎ করে ছিঁড়ে গিয়ে ঘটনাস্থলে দুই শ্রমিক মারা যান।

Advertisement