ওবাইদুল আকবর রুবেল, ফটিকছড়ি প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে ফটিকছড়িতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ফটিকছড়ি রাজঘাট চত্বরে আয়োজিত ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিন উদ্দিন মেসির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদল নেতা গিয়াস আল মামুন।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক একরাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে জেলা, উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্রদলকে রাজপথে আরও সক্রিয় ও সাহসী ভূমিকা পালন করতে হবে।
তাঁরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব। তারা ছাত্রসমাজকে আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তাঁরা আরোও বলেন, ছাত্রদল অতীতেও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে। আগামী দিনেও জনগণের ভোটাধিকার ও ন্যায্য নির্বাচনের দাবিতে ছাত্রদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
সমাবেশে ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ ঘিরে রাজঘাট এলাকায় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
















