কল রেকর্ড ভাইরাল

উপজেলা প্রকৌশলীকে ‘ফুটবলের মতো লাথি’ দেওয়ার হুমকি ঠিকাদারের

61

ওবাইদুল আকবর রুবেল, ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরীকে মুঠোফোনে অশালীন ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ঠিকাদার মহসিন হায়দারের বিরুদ্ধে। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স মহসিন অ্যান্ড ব্রাদার্স’-এর স্বত্বাধিকারী। এ সংক্রান্ত একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

Advertisement

ভাইরাল হওয়া অডিওতে ঠিকাদারকে উপজেলা প্রকৌশলীকে উদ্দেশ করে বলতে শোনা যায়, “রুমে ঢুকে একদম ফুটবলের মতো লাথি দেব। ব্যাংকে যে চিঠি লিখেছিস, সেটি সরিয়ে নে। আমার বিল আটকে রেখেছিস, বিল দেওয়ার ব্যবস্থা কর।” অডিওতে স্থানীয়ভাবে প্রভাব খাটানোর ইঙ্গিত এবং সরকারি অফিসে ঢুকে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকিও শোনা যায় বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, একজন সরকারি কর্মকর্তাকে এভাবে হুমকি দেওয়া গুরুতর অপরাধ। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে ঠিকাদার মহসিন হায়দার বলেন, দুইটি প্রকল্পের ফাইল আটকে রেখে উপজেলা প্রকৌশলী তার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন। পুনরায় বিল সংক্রান্ত জটিলতা সৃষ্টি হওয়ায় তিনি উত্তেজিত হয়ে খারাপ ভাষা ব্যবহার করেছেন বলে স্বীকার করেন। তবে এ আচরণের জন্য তিনি ভুল করেছেন বলেও উল্লেখ করেন।

এদিকে উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী ঠিকাদারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে জানান, অনিয়মের কারণে বিল স্থগিত করায় ঠিকাদার ক্ষুব্ধ হয়ে এমন আচরণ করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।

Advertisement