বিরোধের জেরে ইরাকে ধর্ষণচেষ্টা-হত্যা, প্রতিবেশী গ্রেপ্তার

78

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের ইকোপার্কে আট বছরের শিশু জান্নাতুন নেসা ইরাকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি তারই প্রতিবেশী বাবু শেখ। পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় সীতাকুণ্ড থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। তিনি জানান, পার্কের সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজনকে শনাক্ত করার পর কুমিরা এলাকা থেকে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু শেখ ধর্ষণচেষ্টা ও হত্যার কথা স্বীকার করেছে। তার দেয়া তথ্য অনুযায়ী, ইরার বাবা রিকশাচালক মনির হোসেনের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। নানা ইস্যুতে দুজনের মধ্যে ঝগড়া হতো। এরই জেরে ইরাকে হত্যার পরিকল্পনা করে বাবু।

ঘটনার দিন সকালে চকলেট খাওয়ানো আর বেড়িয়ে নেওয়ার কথা বলে ইরাকে ইকোপার্কের ভেতরের পাহাড়ে নিয়ে যান বাবু। সেখানেই তিনি ইরাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ইরা চিৎকার করে ‘বাবাকে বলে দেবে’ বলে জানালে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় বাবু। পরে ইরাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায় সে।

পরে পাহাড় থেকে রক্তাক্ত অবস্থায় নেমে আসা ইরাকে দেখতে পান পার্কে কর্মরত কিছু শ্রমিক। তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুই দফা অস্ত্রোপচারের পর তার অবস্থার কিছুটা উন্নতি হলেও মঙ্গলবার ভোরে সে মারা যায়।

হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ইশারায় ইরা জানিয়েছিল, পূর্বপরিচিত এক ব্যক্তি তাকে ইকোপার্কে নিয়ে গিয়েছিল। এর ভিত্তিতেই তদন্ত এগোয়। ইরার মা রবিবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করলেও পরে গ্রেপ্তারের পর বাবু শেখকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Advertisement