সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে আলোচিত গলার শ্বাসনালি কেটে আট বছরের কন্যাশিশু জান্নাতুল নাইমা ইরাকে হত্যার ঘটনার দোষ স্বীকার করেছে আসামী বাবু শেখ ওরফে মাহবুব আলম।
বুধবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিনের আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম। তিনি বলেন, বাবু শেখ তাঁর অপরাধ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানে তিনি ঘটনার সম্পূর্ণ বিবরণ দেন। এ ঘটনায় একমাত্র আসামি বাবু শেখ। ফলে আদালতে বিচারকার্য শুরু হবে। আগামী ২৭ এপ্রিলের মধ্যে পুলিশকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন। এদিকে আদালতে আসামী বাবু শেখকে হাজির করা হলে শত শত আইনজীবী তার ফাঁসির দাবিতে স্লোগান দেন।
চট্টগ্রাম জেলা ও দায়রা আদালতের অতিরিক্ত জেলা পিপি সরোয়ার হোসেন লাভলু বলেন, জেলা প্রসিকিউশনের পক্ষ আসামীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার জন্য আইনী যে ধরনের পদক্ষেপ নিতে হয় আমরা তা নেবো। আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা দিয়েছেন, এ খুনি যেন কোন ভাবেই রেহায় পেতে না পারে।

















