চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ির ৩ দিনব্যাপী বার্ষিক মহোৎসব আজ ৭ মার্চ শনিবার দিবাগত রাতে ঠাকুরবাড়ী অঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসুচীর মধ্যে ছিল-শ্রীমদ্ভগবদগীতা পাঠ, চন্ডী পাঠ, শ্রীশ্রী ঠাকুরের পুজা, ভোগারতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ষোড়শপ্রহরব্যাপী অহোরাত্র শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ, প্রতিদিন দুপুর ও রাতে প্রসাদ বিতরণ।
অনুষ্ঠানের প্রথম দিন গত ৫ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে একক সংগীত গান পরিবেশন করেন বেতার-টেলিভিশন ও স্থানীয় পর্যায়ের শিল্পীবৃন্দ।
ঠাকুরবাড়ি পরিচালনা পরিষদের পক্ষ থেকে প্রত্যেক শিল্পীর হাতে ফুল ও প্রাইজবন্ড তুলে দেয়া হয়। ৫-৭ মার্চ পর্যন্ত প্রতিদিন নামসুধা বিতরণে ছিলেন-শ্রীগুরু সংঘ (চট্টগ্রাম), শ্রীশ্রী শান্তি মাতা সম্প্রদায় (গোপালগঞ্জ), গণেশ পাগল সম্প্রদায় (মাদারীপুর), সীমা প্রেমা অস্টসখী সম্প্রদায় (সাতক্ষীরা) ও শ্রীশ্রী বৈষ্ণব নারায়ন সম্প্রদায় (ভোলা)।
















