সীতাকুণ্ড প্রতিনিধি: ঈদের ছুটিতে গাজীপুর থেকে মোটর সাইকেল যোগে কক্সবাজারের উদেশ্যে যাওয়ার পথে চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোঃ আবু বক্কর (২৫) নামে এক যুবককের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
নিহত আবু বক্কর গাজিপুর জেলার জয়দেবপুর সদর থানার দেবীপাড়া গ্রামের মোঃ মনিরুজ্জামানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গাজীপুর থেকে ১০/১২ জনের মোটরসাইকেল আরোহীর একটি দল কক্সবাজারের উদেশ্যে যাওয়ার পথে সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাটস্থ পাক্কা মসজিদ এলাকার মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পিছনে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে ঔই যুবকের মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোঃ ফজলুল হক বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত যুবককে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

















