সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে একটি গরুর খামারসহ মোট ৬টি দোকানঘর সম্পুর্ন পুড়ে ছাই হয়ে গেছে। এতে ফার্মে থাকা ১১টি গরু এবং ১৩ টি ছাগল মারা গেছে বলে দাবী করেন ” মা-বাবার দোয়া ডেইরী এন্ড এগ্রো” ফার্মের মালিক হাবিবুর রহমান মিন্টু।
শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আস্তানা এলাকার গোয়ালিনী কারখানার সামনে এ আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, একটি ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে মূহুর্তে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে স্থানীয় শুক্কুর সওদাগরের মালিকানাধীন ৬টি দোকান ঘর এবং একটি ফার্ম পুড়ে যায়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।
ফার্মের মালিক হাবিবুর রহমান মিন্টু বলেন, আগুনে আমার ফার্মের ১৩ টি ছাগল ও ১১ টি গরু মারা গেছে। দুইটি ব্যাংকে আমার ঋণ রয়েছে ১৪ লক্ষ টাকা। ফার্ম থেকে প্রতিদিন অন্তত ৩০ লিটার দুধ বিক্রি করতাম। সে টাকা ব্যাংকে শোধ করতাম। এখন সব হারিয়ে আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।
মুদি দোকানদার সুমন বলেন, আমার দোকানটি সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। দোকান থেকে কোন কিছুই বাহির করতে পারিনি। প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমার।
স্থানীয় সেচ্ছাসেবকদল নেতা শহিদুল ইসলাম শহিদ জানান, আগুনে খামারসহ বেশকিছু দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে প্রায় অর্ধ কোটি টাকার মতো ক্ষতি সাধন হয়েছে। এখানকার ব্যবসায়ীরা একেবারে নিঃস্ব হয়ে গেছে। এতে প্রশাসনসহ বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

















