সীতাকুণ্ড প্রতিবেদক: চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের এমপি আসলাম চৌধুরী বলেছেন, ‘খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা নয়, শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সহনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাথমিক স্তর থেকেই এসব গুণাবলি তৈরি হলে ভবিষ্যতে একটি দক্ষ ও যোগ্য প্রজন্ম গড়ে উঠবে।
শনিবার সীতাকুণ্ড উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আসলাম চৌধুরী বলেন, ‘প্রচণ্ড বৃষ্টির মধ্যেও শিক্ষার্থীরা যেভাবে চমৎকার খেলা উপহার দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। জয়-পরাজয় জীবনের অংশ, পরাজয়কে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।’
উপজেলার ৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট ছিল এবারের অন্যতম বৃহৎ স্কুলভিত্তিক ক্রীড়া আয়োজন। ৬ এপ্রিল শুরু হওয়া এ প্রতিযোগিতা প্রায় তিন সপ্তাহ ধরে গ্রুপ পর্ব, নকআউট ও সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে গড়ায়।
বালিকা বিভাগের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয় হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে ট্রফি, মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে উৎসাহিত করতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ক্রীড়া সংগঠক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

















