কামরুল ইসলাম দুলু: সীতাকুণ্ডে পুলিশের জব্দ করা একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৩ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে আটটার সময় চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ রাসেল থানায় প্রেস ব্রিফিং এ গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান।
পুলিশ জানায়, সোমবার রাত দুইটার সময় গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে উপজেলার বড়দারোগারহাট এলাকায় ওজন স্কেলের সামনে মহাসড়কে তল্লাশিকালে ঢাকামুখী একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামার সংকেত দেয় পুলিশ। তবে চালক গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ প্রাইভেট কারটিকে ধাওয়া করলে ওজন স্কেলের সামনে গাড়িটি থামে। এরপর চালকসহ ইয়াবা পাচারকারীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে প্রাইভেট কারটি জব্দ করে থানা হেফাজতে নেয় পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে আটটার সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ রাসেল এর উপস্থিতিতে গ্যাস সিলিন্ডার বোতলের ভেতর থেকে পলিথিন মোড়ানো ছোট ছোট প্যাকেট করা ১ লক্ষ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। তাই আমরা মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। তারই অংশ হিসেবে অভিযানে এ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে কাউকে আটক করা সম্ভব না হলেও করা এ মাদক পাচারের সাথে জড়িত তার তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।ঙ

















