সীতাকুণ্ড প্রতিনিধি: শিক্ষার্থীদের খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের আলীনগরে স্কুল শিক্ষার্থীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় আলীনগর স্কুল মাঠে স্কুলের শিক্ষার্থীদের মাঝে আর্জেন্টিনা ব্রাজিল ভাগ করে উক্ত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ম্যাচের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সীতাকুণ্ড থানার কর্মকর্তাগণ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ম্যাচে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্রাজিল ও আর্জেন্টিনা দলের জার্সি পরিধান করে উৎসবমুখর পরিবেশে খেলায় অংশ নেয়। মাঠজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য, উচ্ছ্বাস এবং খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের গভীর আগ্রহ।
পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি খেলাধুলা তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলাবোধ ও দলগত চেতনা বিকাশের পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন। জেলা পুলিশ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও শিক্ষার্থী-বান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।

















