বাঁশখালীতে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

2

চট্টগ্রামের সামগ্রিক বন্যা পরিস্থিতি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়টি সার্বক্ষণিকভাবে মনিটর করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

Advertisement

বন্যাদুর্গত এলাকায় জরুরি বিদ্যুৎ সেবা সচল রাখার পাশাপাশি দুর্গতদের পাশে দাঁড়াতে তাঁর বিশেষ নির্দেশনায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে সাথে নিয়ে বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত পুকুরিয়া, সাধনপুর, কালীপুর ও বাহাড়ছড়া ইউনিয়ন সরজমিনে পরিদর্শন করেন এবং বাহাড়ছড়া ইউনিয়ন পরিষদে দুর্গত মানুষের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি চিড়া, ০.৫ কেজি মুড়ি, ০.৫ কেজি গুড়, ৫টি স্যালাইন, ১ লিটার পানি, ১ কেজি লবন, ১টি মোমবাতি, ১ প্যাকেট বিস্কুট ও ১ পাতা প্যারাসিটামলসহ জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে চট্টগ্রামের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

​সরকারি তথ্য অনুযায়ী, জেলায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬,৬২,০০০ জন মানুষের জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বিশেষ তদারকিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ৫৪০.০০০ মে. টন চাল এবং নগদ ৪৩,০০,০০০ টাকা বরাদ্দ ও বিতরণ করা হয়েছে।এছাড়া রান্না করা খাবার ১৭,২৫০ প্যাকেট এবং শুকনা খাবার ৩০,৭০০ প্যাকেট বিতরণ করা হয়েছে।

বন্যার কারণে জেলার ১৫টি উপজেলায় ও মহানগরে ৫১৪টি সড়ক ও ১৭৬টি ব্রিজ-কালভার্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ লাইনের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা দ্রুত সংস্কার করে বিদ্যুৎ সংযোগ সচল করতে বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশনা দিয়েছেন প্রতিমন্ত্রী।একই সাথে পিডিবি, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের টিম সমন্বিতভাবে কাজ করছে।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নির্দেশনায় দুর্গত এলাকায় শতভাগ বিদ্যুৎ সচল ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা নিশ্চিত করতে জেলা প্রশাসন দিনরাত কাজ করে যাচ্ছে এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Advertisement