সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মানুষের পাশে দাঁড়াতে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন সমাজকর্মী ও তরুণ উদ্যোক্তা এনামুল হক। মানবিক এই উদ্যোগে একদিনেই ১,২০০ জনেরও বেশি বন্যাদুর্গত মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেছেন।
শনিবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয় (লাল স্কুল) প্রাঙ্গণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে এলাকার নারী, পুরুষ, শিশু ও প্রবীণরা চিকিৎসাসেবা নিতে ভিড় করেন। বন্যার কারণে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকা মানুষ এ ক্যাম্পে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে গ্রহণ করেন।
আয়োজক সূত্রে জানা যায়, চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী ওষুধ, খাবার স্যালাইন ও নারীদের জন্য ন্যাপকিন বিতরণ করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলা, পানিবাহিত রোগ প্রতিরোধ এবং পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আসিফুল হক, ডা. শামীম আক্তার, ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং ডা. মুবিনুল হক। তাঁদের সহযোগিতায় পাঁচ সদস্যের একটি স্বাস্থ্যকর্মী দল সার্বিক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন।
এনামুল হক সমর্থক ফোরামের তত্ত্বাবধানে আয়োজিত এ মানবিক কার্যক্রম পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক রশিদ আহমদ, আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ওবাইদুল হক, পরিবার পরিকল্পনা পরিদর্শক রিদোয়ানুল হক, মাস্টার আবু তৈয়ব, সাহিত্যকর্মী ইলিয়াস বাবর, মাস্টার রুহুল আমিন, মাস্টার আবুল কাশেম, ব্যাংকার মোজাম্মেল হক, ব্যবসায়ী নাসির উদ্দিন সাগর, সাজ্জাদ, আক্কাস, পরিবার কল্যাণ সহকারী কামরুন নাহার এবং সুইটি বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত হয়ে এনামুল হক বলেন, “সাম্প্রতিক বন্যায় অনেক মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন। মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা ক্ষতিগ্রস্ত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। মানুষের কষ্ট লাঘবে আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার পর এলাকায় জ্বর, ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। বিশেষ করে দরিদ্র ও অসহায় পরিবারগুলো এ সেবা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক বন্যার শুরু থেকেই এনামুল হক ও তাঁর স্বেচ্ছাসেবকরা শীলকূপ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ, দুর্গত পরিবারের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবার স্বাস্থ্যসেবাকেও অগ্রাধিকার দিয়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

















