মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার প্রতিটি ইউনিয়নে উপজেলা কৃষকদলের উদ্যোগে একটি করে খাল খননের কর্মসূচির অংশ হিসেবে ৪ নম্বর ধুম ইউনিয়নের মহাজনহাট–মানিয়া মসজিদ সংযোগ খাল পরিদর্শন করেছেন উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ।
সোমবার (৩ আগস্ট) বিকেলে নেতারা খালটির বর্তমান অবস্থা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বর্তমান সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল আলম মানিক, উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাহেদ আহসানসহ স্থানীয় কৃষকদলের নেতৃবৃন্দ।
উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন বলেন, পুরো উপজেলার প্রতিটি ইউনিয়নে মিরসরাই উপজেলা কৃষকদলের পক্ষ থেকে একটি করে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনঃখননের মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন বলেন, মহাজনহাট–মানিয়া মসজিদ সংযোগ খালটি খনন করা হলে আশপাশের বিস্তীর্ণ কৃষিজমি উপকৃত হবে এবং এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থারও উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। দ্রুত সময়ের মধ্যে খননকাজ শুরু করার আশাবাদ ব্যক্ত করেন তারা।

















