স্মরণসভায় বক্তারা

সোনাইছড়ি চেয়ারম্যান শাহাজাহান ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর

42

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চৌধুরী মো. শাহান শাহ শাহজাহান এর ২৭ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

Advertisement

আজ ৪ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টায় সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং স্কুল শিক্ষার্থীদের শোক র‍্যালি অনুষ্ঠিত হয়। সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোক র‍্যালিটি শুরু হয়ে মহাসড়ক পদক্ষিণ করে। র‍্যালি শেষে মরহুমের কবর জেয়ারত, শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন ভুঁইয়া এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং মরহুম চৌধুরী মোঃ শাহান শাহ শাহজাহান এর সহধর্মিণী নাজমুন নাহার চৌধুরী নেলী।

স্কুলের সিনিয়র শিক্ষক তাজুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ নুর উদ্দিন মো. জাহাঙ্গীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ বিএ, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, মোঃ ইদ্রিস, কোরবান আলী সাহেদ, মনজুরুল ইসলাম, মোঃ নুর উদ্দিনসহ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা বলেন, চৌধুরী মো. শাহান শাহ শাহজাহান ছিলেন এ জনপদের একজন বীর পুরুষ। তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর। তাহার নানাবিধ সৃজনশীল কর্মকাণ্ডের জন্যে তিনি আজীবন সকলের হৃদয়ে বেঁচে থাকবেন, তিনি স্কুল, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করে এলাকায় শিক্ষার প্রসার ঘটান। মানুষ যুগ যুগ ধরে উনাকে স্মরণ করবেন।

উল্লেখ যে, সাবেক চেয়ারম্যান চৌধুরী মো. শাহান শাহ শাহজাহান ১৯৯৯ সালের ৪ আগস্ট বাড়ি ফেরার পথে নিজ বাড়ির আঙ্গিনায় সন্ত্রাসীদের হাতে ধারালো অস্ত্রের আঘাতে নির্মমভাবে খুন হন।

Advertisement