সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গরুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আব্দুস সালাম (৬৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ফাহিম (৩৫), মো. রশিদুল (৩০) ও স্বপন কুমার (৪৫) নামে তিন জন আহত হন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুত্ব হওয়ায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত আব্দুস সালাম কক্সবাজারের উখিয়া উপজেলার মীর আহমদের পুত্র। এছাড়া গুরুতর আহত হওয়ায় ৬ টি গরু তাৎক্ষণিক জবেহ করে দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে সীতাকুণ্ড পৌরসভার শেখপাড়া এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও থানা সূত্রে জানা গেছে, রংপুর থেকে ট্রাকে করে ১৮ টি গরু নিয়ে চট্টগ্রামের উদ্যেশ্য যাওয়ার সময় গরু বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পাশে একটি গাছের সঙ্গে আটকে যায়। এসময় ট্রাকের চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান ব্যবসায়ী আবদুস সালাম। খবর পেয়ে সীতাকুন্ড ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে এগিয়ে আসে। আহতদের উদ্ধার করে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা বেলাল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃত অবস্থায় একজনকে উদ্ধার করে হাইওয়ে পুলিশকে বুঝিয়ে দিয়েছি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, নিহত ব্যবসায়ীর ছেলের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্ঘটনা কবলিত ট্রাকের মধ্যে ১৮টি গরু ছিল। ছেলের অনুরোধে যেসব গরুর অবস্থা আশঙ্কাজনক সেসব গরু জবাই করে স্থানীয় কসাইদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। বাকী সুস্থ্য গরু থানা হেফাজতে রাখা হয়েছে।
















