আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ

43

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চার স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেছেন। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটির আগের পরিচালনা পর্ষদ বাতিল করে কেন্দ্রীয় ব্যাংক যে পাঁচ সদস্যের স্বতন্ত্র পরিচালনা পর্ষদ গঠন করেছিল, পদত্যাগকারীরা সেই পর্ষদের সদস্য ছিলেন।

Advertisement

পদত্যাগ করা চার পরিচালক হলেন—বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. শাহীন উল ইসলাম, এনআরবি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আব্দুল ওয়াদুদ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ আশরাফুল হাসান (এফসিএ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আবু ইউসুফ।
আগের পর্ষদে থাকা পাঁচ স্বতন্ত্র পরিচালকের মধ্যে বর্তমানে শুধু লঙ্কাবাংলা ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাজা শাহরিয়ার বহাল রয়েছেন। ২০২৪ সালের ৩ অক্টোবর খাজা শাহরিয়ারকে চেয়ারম্যান করে এই পাঁচ স্বতন্ত্র পরিচালককে নিয়ে ব্যাংকটির পর্ষদ গঠন করেছিল বাংলাদেশ ব্যাংক।

পুরোনো মালিকদের ফেরার পর পদত্যাগ
বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকই ওই স্বতন্ত্র পরিচালকদের নিয়োগ দিয়েছিল। পরবর্তী সময়ে ব্যাংকটির নিয়ন্ত্রণ পুরোনো মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার পর আগের স্বতন্ত্র পরিচালকদের পদত্যাগ করতে বলা হয়।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ করা স্বতন্ত্র পরিচালকদের দায়িত্ব পালনের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। পুরোনো মালিকদের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার পর তাদের পদত্যাগের সিদ্ধান্ত এসেছে।

১৫ জুলাই নতুন করে ১৩ পরিচালক
২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের কয়েকটি ব্যাংকের মতো আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদেও পরিবর্তন আনে বাংলাদেশ ব্যাংক। ওই সময় আগের পর্ষদ বাতিল করে স্বতন্ত্র পরিচালকদের নিয়ে নতুন পর্ষদ গঠন করা হয়।

এরপর চলতি বছরের ১৫ জুলাই ব্যাংকটির পরিচালনা পর্ষদে নতুন করে ১৩ জন পরিচালক নিয়োগ দেওয়া হয়। নতুন করে গঠিত পর্ষদে যুক্ত হওয়া পরিচালকদের অনেকেই এর আগেও ব্যাংকটির পর্ষদে ছিলেন।

নতুন পর্ষদে যারা
১৫ জুলাই গঠিত নতুন পর্ষদে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হয় বদিউর রহমানকে। ইসি চেয়ারম্যান করা হয় কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমানকে, ভাইস চেয়ারম্যান হন লিয়াকত আলী চৌধুরী।

পরিচালকদের মধ্যে রয়েছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান, সেলিম রহমান, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ, মোহাম্মদ আব্দুস সালাম, নাজমুল আহসান খালেদ, মো. এনায়েত উল্লা, আহামেদুল হক, মোহাম্মদ ইমাদুর রহমান, মো. রফিকুল ইসলাম, আনোয়ার হোসাইন ও মেসবাহ উদ্দিন আহমেদ।

Advertisement