চারজন স্বাধীন পরিচালকের পদত্যাগের ঘটনায় ব্যাংকের কোনো হস্তক্ষেপ ছিল না বলে জানিয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ।
গত ১৪ সেপ্টেম্বর এ বিষয়ে ব্যাংকের কাছে ব্যাখ্যা চায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এর জবাবে ব্যাংক জানায়, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেওয়া পাঁচ স্বাধীন পরিচালকের মেয়াদ শেষ হওয়া বা প্রত্যাহারের সঙ্গে পদত্যাগের বিষয়টি সম্পর্কিত। এতে ব্যাংকের নিজস্ব কোনো নীতিগত সিদ্ধান্ত বা হস্তক্ষেপ ছিল না।
সোমবার (২১ সেপ্টেম্বর) সিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
পদত্যাগ করা চার পরিচালক হলেন—বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. শাহীন উল ইসলাম, এনআরবি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল ওয়াদুদ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ আশরাফুল হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আবু ইউসুফ।
ব্যাংক কর্তৃপক্ষ আরও জানায়, বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সব সিদ্ধান্ত ও নির্দেশনা তারা যথাযথভাবে পরিপালন করছে।

















