চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আলোচনা ও র‍্যালি

ডায়াবেটিস থেকে রক্ষা পেতে হলে খাদ্যাভাস পরিবর্তন জরুরী: স্বাস্থ্য পরিচালক ডা. রাব্বি

3

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, ডায়াবেটিস এমন একটি রোগ যা সম্পূর্ণ নিরাময় করা যায় না। তবে নিয়মিত নির্দিষ্ট সময় ধরে হাঁটার পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী কঠোর নিয়মানুবর্তিতা ও জীবনাচরণে পরিবর্তন আনতে পারলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিস থেকে রক্ষা পেতে হলে খাদ্যাভাস পরিবর্তন জরুরী। যাদের এখনো ডায়াবেটিস সনাক্ত হয়নি কিন্তু ঝুঁকিতে রয়েছেন তাদেরকে নিয়ম মেনে চলতে হবে।

Advertisement

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজ ১৪ নভেম্বর শনিবার সকালে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মোঃ একরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।

আলোচনা সভার পূর্বে ‘ডায়াবেটিস প্রতিরোধে দ্রুত পদক্ষেপ’ স্লোগানকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাসপাতাল প্রাঙ্গন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। শেষে কেক কেটে বিশ্ব ডায়াবেটিস দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগসহ অন্যান্য বিভাগের চিকিৎসকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অন্যান্য অতিথিরা বলেন, ডায়াবেটিস দীর্ঘদিন কোন লক্ষণ ছাড়াই নীরবে শরীরের বিভিন্ন অঙ্গে ক্ষতি করতে থাকে এবং স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি বিকল ও অন্ধত্বসহ অন্যান্য জঠিল রোগ সৃষ্টি করে যা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এক্ষেত্রে ত্রি-ডি যেমন-ডিসিপ্লিন, ডায়েট কন্ট্রোল ও নিয়মিত ড্রাগ গ্রহণ করতে হবে। খাবারে ফলমূল, শাকসব্জি ও সালাদ গ্রহল করতে হবে। পরিমিত খারার গ্রহণ, মাত্রাতিরিক্ত মানসিক চাপ বর্জন, ধূমপান ও মদ্যপান সম্পূর্ণ ত্যাগ, পর্যাপ্ত পরিমানে পানি পান, ফাস্টফুড ও কোমল পানীয় বর্জন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। দৈনিক ৬-৮ ঘন্টা ঘুমানোর পাশাপাশি ও শরীর চর্চার মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।

Advertisement