৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিস (জিপিও) এর দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে ২০২০ সালে আরও দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এই ঘটনায় মোট চার কর্মকর্তাকে বরখাস্ত করা হল। এছাড়া এই ঘটনায় আরও ২২ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সহকারী পোস্ট মাস্টার নুর মোহাম্মদ, পোস্টাল অপারেটর সরোয়ার আলম খান, সুপারিনটেনডেন্ট নিপুল তাপস বড়ুয়া এবং সহকারী পোস্ট মাস্টার সাইফুল ইসলাম চৌধুরী।
চট্টগ্রাম জিপিওর ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (ডিপিএমজি) ড. মো. নিজাম উদ্দিন বলেন, ২০২০ সালে যে অনিয়ম ধরা পড়েছিল তাদের মধ্যে ২০২০ সালের ২৬ জানুয়ারি দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়। বাকি দুইজনকে গত রবিবার বরখাস্ত করা হয়। এখন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশনও তদন্ত করছে।
এদিকে গত ১ ফেব্রুয়ারি এক অফিস আদেশে জিপিও এর ২২ কর্মকর্তা-কর্মচারীর বদলি ও পদায়নের আদেশ দেন চট্টগ্রাম পূর্বাঞ্চলের অতিরিক্ত পোস্টমাস্টার মোহাম্মদ আমিনুর রহমান।
তারা হলেন- বদিউল আলম, জাকির হোসেন, সুজন কান্তি চন্দ্র, রবিউল হোসেন, আনোয়ার হোসেন-১, আবদুল মান্নান, কপিল বিশ্বাস, আবদুল হান্নান, ইফতেখারুল হক ফারুকী, খালেদা পারভীন অন্তু, দেওয়ান মো. আশরাফ উদ্দীন, জয়নাল আবেদীন-৩, মো. হাসান-৩, কবির আহমেদ, নুরুল আবছার-৩, মহসিন খান, আবদুল রশিদ, শোভন কান্তি আচার্য্য, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ ইসকান্দর, মোহাম্মদ বেলাল এবং নজরুল ইসলাম।

















