চকরিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে ভিলেজার নিহত

273

কক্সবাজারের চকরিয়ায় দলছুট বন্যহাতিকে তাড়াতে গিয়ে পিষ্ট হয়ে মো. রহমত উল্লাহ (২৮) নামের এক বন জায়গিরদার (ভিলেজার) নিহত হয়েছেন। এ সময় ওই বন্যহাতি বেশ কিছু ঘরবাড়ি ভাংচুর ছাড়াও ফসলের ব্যাপক ক্ষতি করেছে।

Advertisement

সোমবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ভেওলা মানিকচর (বিএমচর) ও কৈয়ারবিল ইউনিয়নের মধ্যবর্তী এলাকার খিলছাদকে এ ঘটনা ঘটে।

নিহত মো. রহমত আলী ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রিংভং ছগিরশাহকাটা এলাকার আবদুস সালামের ছেলে। তিনি ফাঁসিয়াখালী রেঞ্জের অধীন ভিলেজার হিসেবে কর্মরত ছিল।

এদিকে দলছুট বন্যহাতিকে তাড়াতে বঙ্গবন্ধু সাফারি পার্ক, ফাঁসিয়াখালী রেঞ্জ ও বনবিটের কর্মকর্তা-কর্মচারী এবং চকরিয়া থানা পুলিশের পৃথক টিম কাজ করছে।

স্থানীয় বাসিন্দা আবদুল হান্নান বলেন, ‘ভোররাতের দিকে একটি দলছুট বন্যহাতি বিএমচরের পাহাড়িয়া পাড়ার সবজি ক্ষেতে অবস্থান করছিল। সকালে কৃষকরা মাঠে গেলে বন্যহাতিকে দেখতে পায়। এসময় স্থানীয় উৎসুক জনতা এলাকায় হাতি এসেছে খবর পেয়ে ভিড় করে। পরে খবর পেয়ে সাফারি পার্ক, ফাঁসিয়াখালী রেঞ্জ ও বনবিটের কর্মকর্তা-কর্মচারী এবং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করে। এ সময় দলছুট বন্যহাতিকে তাড়ানোর জন্য বনবিভাগের ভিলেজার রহমত আলী মশালে আগুন জ্বালিয়ে ওই হাতির দিকে নিক্ষেপ করে। এতে হাতিটি ক্ষিপ্ত হয়ে ভিলেজার রহমতকে পা দিয়ে পিষ্ট করে আহত করে। বনবিভাগ ও পুলিশ তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএমচরের বাসিন্দা ইমতিয়াজ আহমদ রাজিব বলেন, দলছুট বন্যহাতিটি সকাল থেকে এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এতে বেশ কয়েকটি বাড়িঘর ও ফসলের ক্ষতি করেছে। স্থানীয়রা খুবই আতঙ্কের মধ্যে রয়েছে।

ফাঁসিয়াখালী রেঞ্জের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তা ও ভিলেজারদের নিয়ে হাতিটিকে বনে ফেরাতে ঘটনাস্থলে যায়। এসময় দলছুট বন্যহাতিকে ফেরাতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে বনবিভাগের ভিলেজার রহমত আলী মারা যায়। হাতিকে বনে ফেরানোর চেষ্টা অব্যাহত আছে।’

Advertisement