কলকাতাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ব্যাঙ্গালোর

260

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের দশম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৩৮ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে দলটি।

Advertisement

চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে ব্যাঙ্গালোর। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪৯ বলের মোকাবেলায় ৭৮ রান করেন তিনি। বিধ্বংসী ছিলেন এবি ডি ভিলিয়ার্সও। মাত্র ৩৪ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন তিনি।

ম্যাক্সওয়েল ও ডি ভিলিয়ার্স দুইজনই হাঁকিয়েছেন ৯টি করে চার ও ৩টি করে ছক্কা। কলকাতার বোলাররা এদিন বল হাতে বদান্যতা দেখিয়েছেন। ২ ওভার বল করে সাকিব আল হাসান বিলি করেন ২৪ রান।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে মারকুটে ভঙ্গিমায় ব্যাটিং শুরু করেছিল কলকাতা। তবে কেউই উইকেটে থিতু হতে পারছিলেন না। নিতিশ রানা ১৮, শুবমান গিল ২১, রাহুল ত্রিপাঠি ২৫ রান করে সাজঘরে ফেরেন। ৪ উইকেটের পতন ঘটলে ক্রিজে আসেন সাকিব। তাকে রেখে সাজঘরে ফেরেন অধিনায়ক ইয়ন মরগান, ২৩ বলে ২৯ রান করে।

এরপর সাকিবকে অপর প্রান্তে রেখে দ্রুতগতিতে রান তোলার চেষ্টা করেন আন্দ্রে রাসেল। তবে সাকিবের ব্যাট হাসেনি, দলের প্রয়োজন বা ম্যাচের মেজাজ অনুযায়ী ব্যাট করতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার। ২৫ বলে মাত্র ২৬ রান করে দলীয় ১৫৫ রানে সাজঘরে ফেরেন একটি করে চার-ছক্কা হাঁকানো সাকিব। এরপর প্যাট কামিন্স ও রাসেলও ধরেন সাজঘরের পথ। আউট হওয়ার আগে ৩০ বলে ৩১ রান করেন রাসেল।

শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান জড়ো করে কলকাতা, বরণ করে নেয় ৩৮ রানের পরাজয়। ব্যাঙ্গালোরের পক্ষে কাইল জেমিসন তিনটি এবং যুযবেন্দ্র চাহাল ও হার্শাল পেটেল দুটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

টস : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : ২০৪/৪ (২০ ওভার)
ম্যক্সওয়েল ৭৮, ডি ভিলিয়ার্স ৭৬*, পাড়িকাল ২৫
বরুণ ৩৯/২, কৃষ্ণ ৩১/১, কামিন্স ৩৪/১

কলকাতা নাইট রাইডার্স : ১৬৬/৮ (২০ ওভার)
রাসেল ৪১, মরগান ২৯, সাকিব ২৬
জেমিসন ৪১/৩, হার্শাল ১৭/২, চাহাল ৩৪/২

ফল : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৩৮ রানে জয়ী।

Advertisement