কোটি টাকা আত্মসাতের অভিযোগে রেলের কর্মচারী আটক,তদন্ত কমিটি গঠন

519

দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূর্বাঞ্চল রেলের হিসাব বিভাগে কর্মরত জুনিয়র অডিটর ফয়সাল মাহবুবকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। শনিবার (৮ মে) রাতে তাকে আটক করা হয়।

Advertisement

বর্তমানে তিনি রেলওয়ে নিরাপত্তা জেনারেলের চৌকিতে আরএনবি’র হেফাজতে রয়েছেন।
জানা গেছে, ২০২০ সালের শুরু থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত কর্মচারীদের বেতন জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেন ফয়সাল।

বিষয়টি নজরে আসলে শনিবার ডেপুটি ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার মো. শাহজাহান রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তা কামরুন্নাহার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় অভিযুক্ত ফয়সালকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাকলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফয়সাল ৫০ লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেন।

এদিকে ফয়সাল মাহমুদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- রেলওয়ে পূর্বাঞ্চলের ডিএফএ (অর্থ) ফারজানা উম্মে খানম, ডিএফএ (বুকস অ্যান্ড অ্যাকাউন্টস) আব্দুল আওয়াল।

এছাড়া কমিটির দুই সদস্যকে কারিগরি সহায়তা দিতে টেকনিক্যাল সাপোর্ট অফিসার আব্দুল আল আসিফ কমিটির সঙ্গে কাজ করবেন।

রোববার (৯ মে) দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা কামরুন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফয়সালের বিরুদ্ধে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের কারিগরি সহায়তা দিতে একজন টেকনিক্যাল সাপোর্ট অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement