সীতাকুণ্ড প্রতিনিধি: “গ্রামে শান্তি, সুশাসন প্রতিষ্ঠায় আসুন সবাই মিলে গ্রাম আদালতকে সক্রিয় করি” এই শ্লোগানে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়নে গ্রাম আদালত পূন:সক্রিয়করণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) বাস্তবায়ন সহযোগী এবং স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায় ) প্রকল্প এর আওতায় এ কার্যক্রম সম্পন্ন হয়। গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহছেনা মিনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।
কর্মশালায় গ্রাম আদালত আইন, বিধিমালা ও গ্রাম আদালত সক্রিয়করণে চ্যালেন্জ ও উত্তরণে করনীয় শীর্ষক তথ্য উপস্থাপন করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার সাজেদুল আনোয়ার ভূঁঞা। গ্রাম আদালতের এখতিয়ার, গ্রাম আদালত সম্পর্কে জনসাধারণকে অবহিত করা, গ্রাম আদালতের মামলার ফিস, ছোটখাট বিরোধে জনসাধারণকে গ্রাম আদালতের মাধ্যমে সুবিচার নিশ্চিত করার বিষয় ও প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্যসহ এই কর্মশালা বাস্তবায়ন করা হয়। কর্মশালায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যে উঠে আসে গ্রাম আদালতের প্রয়োজনীয়তা, গ্রাম আদালত আইনের লংঘন করে দীর্ঘদিন ধরে চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্য ও রাজনৈতিক ব্যাক্তি নেতাদের শালিসি বানিজ্যের কথা। বিগত সরকারের আমলে গ্রাম আদালত আইনকে উপেক্ষা করে শালিস বানিজ্যের মাধ্যমে জন প্রতিনিধিদের রাতারাতি টাকার পাহাড় গড়ার বিষয়টি ও উঠে আসে। বর্তমানে সেই ইউনিয়ন পরিষদ সমূহে চেয়ারম্যানদের অনুপস্থিতিতে বিচারিক সেবা তথা গ্রাম আদালত কার্যকর করার ক্ষেত্রে সর্বাত্বক সহযোগিতার কথা ব্যাক্ত করেন।
অনুষ্ঠানে সাংবাদিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিপ্লাস টিভির সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি কামরুল ইসলাম দুলু। এছাড়া উপস্থিত ছিলেন ৯ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, ইউপি সদস্য এবং বিএনপি ও জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।

















