সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

134

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মুসলমানদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসুন, আমরা সব বিভেদ ভুলে আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী এগিয়ে যাই এবং ত্যাগ স্বীকারের জন্য নিজেদের প্রস্তুত করি। দেশের যারা দুস্থ, দরিদ্র ও বৈষম্যের শিকার, তাদের পাশে দাঁড়িয়ে একটি সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করি। আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সেই তৌফিক দান করেন।

মন্ত্রী বলেন, আমাদের মনে ও সমাজে যত কলুষতা রয়েছে, কোরবানির মধ্য দিয়ে সেগুলো দূর করে নিজেদের পবিত্র করতে চাই। আল্লাহতালার নির্দেশেই আমরা কোরবানি পালন করি।

ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন মাওলানা মো. খলিলুর রহমান। নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ।

Advertisement