সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাদ মাগরিব জোড়আমতলের একটি কমিউনিটি সেন্টারে উক্ত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং সোনাইছড়ি ইউনিয়নে চেয়ারম্যান এবং ৯টি ওয়ার্ডে সম্ভাব্য সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মোঃ নুরুল ইসলামের নাম ঘোষণা করেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোহাম্মদ তাহের। এছাড়া ১নং ওয়ার্ডে রেজাউল করিম চৌধুরী, ২নং ওয়ার্ডে সাহেদ মিয়া বদি, ৩নং ওয়ার্ডে মোজাম্মেল হক, ৪নং ওয়ার্ডে মোঃ মহিউদ্দিন, ৫ নং ওয়ার্ডে মাহবুব আলম, ৬ নং ওয়ার্ডে সালাউদ্দিন সবুজ, ৭নং ওয়ার্ডে নুর উদ্দিন রিপন, ৮নং ওয়ার্ডে মোঃ নুর উদ্দিন এবং ৯নং ওয়ার্ডে আহসান হাবিবকে সদস্য হিসেবে প্রার্থী ঘোষণা করা হয়।
ইউনিয়ন জামায়াতের আমীর কাজী জাহেদ ইমামের সভাপতিত্বে এবং সেক্রেটারি সেলিম জাহেদীর পরিচালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করে যাচ্ছে, আমরা চাই সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করে এবং অসহায় নির্যাতিত মানুষের পাশে থেকে সহযোগিতা করতে। তিনি বলেন, জামায়াতের প্রার্থীরা সৎ, যোগ্য, ন্যায় প্রনায়ন। তারা বিজয়ী হলে দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবেন। তাই আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থীদের নির্বাচিত করার তিনি আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার সিদ্দিক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী।
বক্তব্য রাখেন উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ শামসুল হুদা, ছাত্র নেতা হাসান ইমাম, ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক মোনাইদিন, মাওলানা আবদুল হালিম হেলালীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

















