চট্টগ্রামের হাটহাজারীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তরুণ রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী কাজী সাইফুল ইসলাম টুটুল।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে পরিচিত কাজী সাইফুল ইসলাম টুটুল দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি নাজিরাহাট কলেজের গভর্নিং বডির একজন দক্ষ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই সাবেক ছাত্রনেতা এলাকায় একজন দূরদর্শী ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সচেতন মহল মনে করছেন, তার নেতৃত্বে ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় নতুন গতি সঞ্চার হবে।
নবনির্বাচিত সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল বলেন, “ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজ এ অঞ্চলের একটি গৌরবময় বিদ্যাপীঠ। শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং গুণগত মান বজায় রাখাই হবে আমার প্রধান লক্ষ্য। এ দায়িত্ব সঠিকভাবে পালনে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
এদিকে, তার এ মনোনয়নে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

















