মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব বাজারে গ্রাহকদের আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক পিএলসি’র বড়তাকিয়া বাজার শাখার আওতাধীন একটি ডিজিটাল ক্যাশলেস বুথ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) দুপুরে আবুতোরাব বাজারের ভূঁইয়া মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বুথটির উদ্বোধন করেন পূবালী ব্যাংকের চট্টগ্রাম উত্তরাঞ্চলের প্রধান ও উপমহাব্যবস্থাপক একে এম মাসুদ।
পূবালী ব্যাংক বড়তাকিয়া বাজার শাখার ব্যবস্থাপক মো. মাঈন উদ্দিনের সভাপতিত্বে এবং শাখা অফিসার শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরাঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক ওয়াহেদুল ইসলাম, মায়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু মূসা, আবুতোরাব বাজারের প্রবীণ ব্যবসায়ী নজরুল ইসলাম ভূঁইয়া, ব্যবসায়ী ওসমান গনি এবং আবুতোরাব বাজার পরিচালনা কমিটির সদস্য সচিব ইমাম হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একে এম মাসুদ বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলেও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে। ডিজিটাল ক্যাশলেস বুথের মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও সহজে বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
সভাপতির বক্তব্যে মো. মাঈন উদ্দিন বলেন, গ্রাহকদের সময় সাশ্রয় এবং সেবার মান উন্নয়নে এ ধরনের ডিজিটাল উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও গ্রাহকবান্ধব সেবা সম্প্রসারণে পূবালী ব্যাংক কাজ অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আবুতোরাব বাজারে ডিজিটাল ক্যাশলেস বুথ চালু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ সহজে ব্যাংকিং সুবিধা পাবেন। এতে এলাকার ব্যবসা-বাণিজ্যের গতি আরও বৃদ্ধি পাবে।
এ সময় স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।
















