সীতাকুণ্ড প্রতিনিধি: গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির পৃথক জনসমাবেশকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি একনলা কাটা বন্দুক, ১১টি ধারালো ছুরি, ৩টি কিরিচ, ১টি দা ও ১৫টি লাঠি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- সীতাকুণ্ড পৌরসভার ৭ নং ওয়ার্ডের পশ্চিম আমিরাবাদের খোরশেদ আলমের ছেলে কামরুল হাসান (৪৩), উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের মহালাঙ্গা গ্রামের আবুল হাসেমের ছেলে মোঃ সাদেক আলী (২৮) এবং অপরজন মোঃ হানিফ (৩৪)।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এসময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ঘটনার পর চট্টগ্রাম জেলা পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করে। তিনজনকে গ্রফতার করা হয়। তাদের দেওয়া তথ্য ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১১টি ধারালো ছুরি, ৩টি কিরিচ, ১টি দা ও ১৫টি লাঠি উদ্ধার করা হয়। পরবর্তীতে ১টি দেশীয় তৈরি একনলা কাটা বন্দুক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।
পুলিশ সুপার বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা অবৈধ অস্ত্রের প্রদর্শন কোনোভাবেই বরদাশত করবে না। অপরাধী যে দলের, যে গ্রুপের বা যে রাজনৈতিক পরিচয়ই ব্যবহার করুক না কেনকাউকেই ছাড় দেওয়া হবে না। ঘটনায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
















