সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে চিংকু দাশ (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে সাথে থাকা ২৬ হাজার পাঁচশত টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
১৮ সেপ্টেম্বর ভোর ৪টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের তুলাতুলিস্থ মির্জানগর গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
থানায় অভিযোগ সূত্রে জানাযায়, মাছ ব্যবসায়ী চিংকু দাশ ভোরে বাড়ি হতে মাছ কেনার জন্যে চট্টগ্রাম শহরের আড়ৎ এর উদ্দেশ্যে যাওয়ার সময় তিন রাস্তার মোড়ে আসা মাত্রই অজ্ঞাতনামা কে বা কাহারা তাকে পেছন থেকে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে। এসময় দুর্বৃত্তরা সাথে থাকা ২৬ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় রাস্তা পড়ে থাকলে কিছুক্ষণ পর স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ভাটিয়ারী বিএসবি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর বিকেলে সীতাকুণ্ড মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, ব্যবসায়ীর উপর হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় তদন্ত করে দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
















